“জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী”
নির্বাচন নিউজ ২৪
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১ আগস্ট ২০২৫:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই বিপ্লব এ দেশের তরুণদের চেতনার জাগরণ, যা নতুন রাজনীতির সূচনা করেছে। সত্যের পক্ষে দাঁড়ানো আজ উপমহাদেশে কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তরুণরাই এই সত্যের পক্ষে রাজপথে বুক পেতে দিয়েছে।”
শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আমাদের ইতিহাসে অনেক গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যা বহুদিন চাপা পড়ে থাকে। এখন এমন এক সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ইতিহাসের সত্য ঘটনা বলা বা বই আকারে প্রকাশ করাও যেন অপরাধে পরিণত হয়েছে। এক বিষম পরিস্থিতির মধ্য দিয়ে উপমহাদেশ অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে যারা সত্যের ভিত্তিতে ইতিহাস রচনা করে সমাজের সামনে তুলে ধরছেন, তারাই প্রকৃত সার্থক মানুষ।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব শুধু রাজনৈতিক একটি ঘটনা নয়, এটি একটি গভীর প্রতিক্রিয়ার ফল। দীর্ঘ ১৬ বছর যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল, যারা বারবার গ্রেফতার, মামলা, রিমান্ড ও নির্যাতনের শিকার হয়েছে, তাদের আত্মত্যাগের ভিত্তিতেই এই বিপ্লবের সূচনা। দেশের মানুষ আজ একটি ব্যক্তির খেয়াল-খুশির রাজনীতি চায় না, তারা চায় নিজেদের ইচ্ছা-আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশ পরিচালিত হোক।”
রিজভী তরুণদের সাহসিকতা ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “তরুণরা মিথ্যার প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়নি। তারা পরিবারের গণ্ডি পেরিয়ে শিক্ষাঙ্গন ও রাজপথে এসে বুক পেতে দিয়েছে স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর সামনে। একজন গুলিবিদ্ধ হলে, আরেকজন তাকে পানি দিতে ছুটে এসেছে, অথচ গুলি থামেনি।”
সরকারি প্রচারযন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, “বছরের পর বছর ধরে জনগণের মন নিয়ন্ত্রণের অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু সত্য কোনো অপপ্রচারে চাপা থাকে না—তরুণ প্রজন্ম সেটা প্রমাণ করেছে।”
এ দেশের বীরত্বপূর্ণ ইতিহাসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “বাংলাদেশ সেই জাতির উত্তরসূরি, যারা পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী আন্দোলন, তিতুমীরের সংগ্রাম, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন, ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বারবার প্রমাণ করেছে—এই জাতিকে মিথ্যার মাধ্যমে দমিয়ে রাখা যায় না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সঞ্জয় দে রিপন, মনিরুজ্জামান মনির ও জিকরুল হাসান প্রমুখ।

