জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ভারতীয় বিজেপি সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ভারতীয় মুসলমানকে জড়ো করেছে। একই সঙ্গে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।
শনিবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। সীমান্ত নিরাপদ করতে হবে। পুলিশ ও বিজিবির সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে সীমান্ত দিয়ে কেন মানুষ প্রবেশ করছে, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন এবং আওয়ামী লীগের বিচার প্রশ্নে আমরা কোনো আপস করব না। রক্তের বিনিময়েও হলেও সংস্কার ও বিচার নিশ্চিত করা হবে।”
এর আগে বিকেল তিনটার দিকে সভামঞ্চে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়। হামলায় উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব আল ফারাবিসহ অন্তত ১০ জন আহত হন।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা হলে আমরা ঘরে বসে থাকব না। ভয়ভীতি দেখিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের নেতাকর্মীদের ওপর হামলার বিচার না হলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে জবাব চাওয়া হবে।”
অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ জেলা দপ্তর সেলের সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।