ঢাকা || মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রকাশিত হয়েছে-

মুম্বাই, ২ আগস্ট

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও রানী মুখার্জি ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত হয়েছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে অবদান রেখে এবার তাদের ক্যারিয়ারের সেরা মুহূর্ত এসে হাজির।

শাহরুখ খান, যাঁকে ‘কিং অব বলিউড’ বলা হয়, ৩৩ বছর পর প্রথমবারের মতো সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন। আর ৩০ বছর অভিনয় জীবনে কাটিয়ে এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন বলিউডের ‘রানি’ রানী মুখার্জি।

রানি মুখার্জি ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, “আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আমার অভিনয়ের জন্য এই সম্মান পেয়ে আমি আপ্লুত। ৩০ বছর ধরে আমি অনেক ভালো ছবিতে কাজ করেছি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছি। জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের প্রতি আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা।”

তিনি আরও জানান, “পরিচালক অসীমা ছিব্বর, প্রযোজক নিখিল আদভানি, মণীশা ও মধুদের ধন্যবাদ, যাঁরা আমার অভিনয় জীবনের এই অর্জনকে সমৃদ্ধ করেছেন।”

অন্যদিকে, শাহরুখ খান শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তায় ভক্ত ও ফিল্ম জুরিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এক অমূল্য স্মৃতি।”

ভিডিওতে দেখা যায়, তিনি এক হাতে প্লাস্টার পরিহিত অবস্থায় আছেন। চলতি বছর তাঁর ‘কিং’ ছবির শুটিংয়ের সময় আঘাত পেয়েছিলেন তিনি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি সকলকে ধন্যবাদ জানালেন।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসের মধ্যে ভাগাভাগি হয়। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। সেরা ছবির স্বীকৃতি পেয়েছে ‘টুয়েলভথ ফেল’।

এটি বলিউডের এক নতুন অধ্যায় এবং দুই অভিনেতার দীর্ঘ কর্মজীবনের জন্য এক বিশেষ সম্মান হিসেবে গণ্য হবে।